রাশিয়ায় কার্যক্রম পরিচালনাকারী জাপানের বৃহৎ তামাক কোম্পানি জাপান টোব্যাকোর (জেটি) চারটি প্রতিষ্ঠানের সম্পদ অস্থায়ী ব্যবস্থাপনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার দেওয়া এই ডিক্রির আওতায় ডনস্কয় তাবাক, পেরেস্লাভল তাবাক, জেটিআই ইয়েলেতস ও ক্রেস নেভা—এই চার প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং জেএসসি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটসের ব্যবস্থাপনায় হস্তান্তরের কথা বলা হয়েছে। জেটি গ্রুপের তথ্য অনুযায়ী, তাদের উৎপাদনকেন্দ্রগুলো সেন্ট পিটার্সবার্গ, রোস্তভ-না-দনু এবং লেনিনগ্রাদ ও লিপেৎস্ক অঞ্চলে অবস্থিত।
জাপান টোব্যাকোয় জাপান সরকারের সরাসরি মালিকানা রয়েছে। জেটি গ্রুপের বৃহত্তম শেয়ারহোল্ডার দেশটির অর্থ মন্ত্রণালয়, যাদের হাতে ৩৭ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে। আইন অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের অন্তত এক-তৃতীয়াংশ সরকারের মালিকানাধীন থাকা বাধ্যতামূলক। ১৯৯৯ সালে রাশিয়ায় যাত্রা শুরুর পর থেকে ২০০৭ সাল থেকে তামাকের বাজারে শীর্ষস্থান ধরে রাখা প্রতিষ্ঠানটির সেখানে প্রায় চার হাজার কর্মী রয়েছেন এবং তাদের মোট বিক্রির প্রায় ১০ শতাংশ আসে রাশিয়া থেকে। ইউক্রেনে রুশ হামলার পর অনেক কোম্পানি বাজার ছাড়লেও জেটি সেখানে ব্যবসা অব্যাহত রেখেছিল।
মস্কোর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু জানিয়েছেন, টোকিও এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া এবং অর্থমন্ত্রী সাতসুকি কাতাইয়ামাও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাশিয়ায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভের কাছে প্রতিবাদ জানিয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাপরিচালক ইশিগাকি তোমোয়াকি সরাসরি মস্কো গিয়ে রুশ কর্মকর্তাদের কাছে প্রতিবাদপত্র হস্তান্তর করেছেন।
২০২৩ সালের এপ্রিলে রাশিয়া ‘বন্ধুত্বপূর্ণ নয়’ এমন দেশের সম্পদের ওপর অস্থায়ী ব্যবস্থাপনার যে আইন চালু করেছিল, এই পদক্ষেপ তারই অংশ বলে মনে করা হচ্ছে। তবে এই নির্দিষ্ট সিদ্ধান্তের কারণ মস্কো স্পষ্ট করেনি। এদিকে জেটি গ্রুপ জানিয়েছে, তারা রাশিয়ায় সব বিধিবিধান মেনেই কাজ করছে এবং বর্তমান পরিস্থিতির প্রভাব ও পরবর্তী করণীয় খতিয়ে দেখছে। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিতর্কিত দ্বীপ নিয়ে বিরোধ ও সাংবাদিক আটকের ঘটনায় দুই দেশের সম্পর্কে এমনিতেই উত্তেজনা বিরাজ করছিল, যা এই নতুন বিরোধের কারণে আরও জটিল আকার ধারণ করেছে।

