উচ্চ বেতনের বেসামরিক চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে সামরিক বাহিনীতে যুক্ত করেছে রাশিয়া। ইউক্রেন বিষয়ক জাতিসংঘের এক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের হালনাগাদ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সোমবার (২৬ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থাপনের জন্য তৈরি করা এই প্রতিবেদনের সূত্র ধরে খবরটি প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৮ থেকে ৬০ বছর বয়সী বিদেশি নাগরিকদের রুশ সশস্ত্র বাহিনীতে নিয়োগ দিয়েছে মস্কো। এই প্রক্রিয়ায় মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া, প্রান্তিক ও কম শিক্ষাগত যোগ্যতার মানুষদের সুযোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে সক্রিয় ট্রাভেল এজেন্সির নেটওয়ার্ক ও স্থানীয় দালালদের মাধ্যমে ভুক্তভোগীদের রাশিয়ায় নিয়ে যাওয়া হতো। সেখানে পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় লেখা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিপত্রে সই করতে বাধ্য করা হয়, যার ভাষা তারা বুঝতেই পারেননি। পরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নিতে হবে বুঝতে পেরে ভুক্তভোগীরা স্তম্ভিত হয়ে পড়েন।
জাতিসংঘের এই কমিশন বিশ্বজুড়ে মোট ৪৮টি দেশের ওপর অনুসন্ধান চালায় এবং এর মধ্যে ২৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এমন প্রতারণামূলক নিয়োগের সুনির্দিষ্ট প্রমাণ পায়। প্রতিবেদনে থাকা ২৯টি দেশ হলো—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আজারবাইজান, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, বতসোয়ানা, ক্যামেরুন, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, ঘানা, হন্ডুরাস, জর্ডান, কেনিয়া, মরক্কো, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, তাজিকিস্তান, তিউনিসিয়া, তুরস্ক, উগান্ডা, উজবেকিস্তান, ইয়েমেন এবং জিম্বাবুয়ে।
সামরিক বাহিনীতে জবরদস্তিমূলক নিয়োগের পাশাপাশি ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ধারাবাহিক হামলার মারাত্মক চিত্র তুলে ধরেছে তদন্ত কমিশন। কনকনে শীতের মধ্যে পরিকল্পিতভাবে বিদ্যুৎ সেবা বন্ধ করে লাখ লাখ বেসামরিক মানুষকে বিপদে ফেলার এই কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সমতুল্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কমিশনের চেয়ারম্যান এরিক মোসে বলেন, ‘‘জ্বালানি কেন্দ্রগুলোতে এই আক্রমণগুলো যুদ্ধাপরাধ, কারণ এগুলো সরাসরি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে। এর ফলে বরফশীতল অন্ধকারে সাধারণ মানুষকে অমানবিক কষ্টের মুখোমুখি হতে হয়েছে।’’
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের ফলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় লিফট অচল থাকায় বয়স্ক ব্যক্তিরা জরুরি আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি এবং হাসপাতালের লাইফ-সাপোর্টে থাকা রোগীদের জীবন চরম ঝুঁকিতে পড়ে। ২০২৫-২৬ সালের শীত মৌসুমে কিয়েভসহ বিভিন্ন এলাকার ২৫৫ জন ভুক্তভোগী, চিকিৎসক ও নাগরিক সংগঠনের প্রতিনিধির সাক্ষ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার মিশন এই প্রতিবেদনকে স্বীকৃতি দেয়নি এবং উত্থাপিত সব অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া তথ্যনির্ভর বলে দাবি করেছে।

