‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক বসনীয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের একটি কারাগার হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অবশিষ্ট ট্রাইব্যুনাল ব্যবস্থা (আইআরএমসিটি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্লাদিচের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে বিচারক গ্রাসিয়েলা গাত্তি সান্তানা একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ম্লাদিচ আমৃত্যু কারাদণ্ড ভোগ করছিলেন। ২০১৭ সালে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। বিশেষ করে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় অন্তত ৮ হাজার বসনিয়াক মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছিল। জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ এলাকা’ স্রেব্রেনিৎসায় সংঘটিত এই হত্যাকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম ভয়াবহ নৃশংসতা হিসেবে গণ্য করা হয়।
ম্লাদিচের বাহিনীর বিরুদ্ধে বসনিয়ার রাজধানী সারায়েভোসহ বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক হামলার অভিযোগ ছিল। দীর্ঘস্থায়ী অবরোধ, গোলাবর্ষণ, বন্দিশিবির স্থাপন এবং বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দীদের হত্যার ঘটনায় তিনি অভিযুক্ত ছিলেন। সারায়েভো অবরোধের সময় প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারান। স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ডের পর অপরাধের প্রমাণ লুকাতে অনেক মরদেহ গণকবর থেকে সরিয়ে দূরবর্তী স্থানে নেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ম্লাদিচের এই কর্মকাণ্ড বসনিয়া থেকে অ-সার্ব জনগোষ্ঠীকে বিতাড়নের লক্ষ্যে ‘জাতিগত নির্মূল’ পরিকল্পনার অংশ ছিল, যেখানে স্লোবোদান মিলোশেভিচ এবং রাদোভান কারাদজিচের সংশ্লিষ্টতা ছিল।
২০১৭ সালে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার সময় ম্লাদিচ আদালতের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে রায়কে মিথ্যা বলে দাবি করেছিলেন। তার মৃত্যুতে বসনিয়ার সার্ব সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সার্ব নেতা মিলোরাদ দোদিক তার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়ে ম্লাদিচের প্রশংসা করেছেন। অন্যদিকে, স্রেব্রেনিৎসায় স্বামী ও সন্তান হারানো কাদা হোতিচ জানিয়েছেন, ম্লাদিচ কারাগারেই মারা যাওয়ায় তিনি বিচার সম্পন্ন হয়েছে বলে মনে করেন। ১৯৯২-৯৫ সালের বসনিয়া যুদ্ধে অন্তত এক লাখ মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছিলেন, আর এই নৃশংসতার বিচারিক ও স্মৃতিগত বিতর্ক এখনও চলমান।

