যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট মনোনয়ন নিশ্চিত করেছেন ফিলিস্তিন-পন্থি প্রগতিশীল নেতা ও চিকিৎসক আবদুল এল-সাইয়েদ। বুধবার ঘোষিত নির্বাচনি ফলাফলে তিনি কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেন। মার্কিন ইতিহাসের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল এই প্রাইমারি নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৬৫ মিলিয়ন ডলার, যার একটি বিশাল অংশ এল-সাইয়েদের জয় আটকানোর লক্ষ্যে ব্যয় করা হয়েছিল।
এনবিসি নিউজের তথ্যমতে, গণনা করা ৯২ দশমিক ৯ শতাংশ ভোটের মধ্যে এল-সাইয়েদ ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে স্টিভেন্স পেয়েছেন ৪৭ দশমিক ৩ শতাংশ। এই ফলাফলকে ইসরাইলপন্থি লবিং গ্রুপ, বিশেষ করে আইপ্যাকের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইপ্যাক একাই স্টিভেন্সকে সমর্থন দিতে এবং এল-সাইয়েদকে রুখতে ৩০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিল। জয়ের পর স্টেট লেজিসলেটর ম্যালোরি ম্যাকমোরো এল-সাইয়েদকে সমর্থন জানিয়েছেন, যিনি আগে এই রেস থেকে সরে দাঁড়িয়েছিলেন।
৪১ বছর বয়সী এই চিকিৎসক ও নেতা ডেট্রয়েটে তার সমর্থকদের উদ্দেশে বলেন যে সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। আগামী নভেম্বরের নির্বাচনে তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন। এল-সাইয়েদ সরাসরি রজার্সকে উদ্দেশ্য করে বলেন, ‘মাইক, আমরা তোমার জন্য আসছি।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রগতিশীল ডেমোক্র্যাট এবং আরব আমেরিকান ভোটারদের জন্য এল-সাইয়েদের এই বিজয় একটি যুগান্তকারী মুহূর্ত। গাজায় ইসরাইলের যুদ্ধের বিরোধিতা এবং ডেমোক্র্যাটিক পার্টির ঐতিহ্যগত ইসরাইল-পন্থি অবস্থানের প্রতি অসন্তোষ থেকে তারা এল-সাইয়েদের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিলেন। প্রচারণার সময় এল-সাইয়েদ অভিযোগ করেছিলেন যে বাইরের অর্থ দিয়ে নির্বাচন ‘কিনে নেওয়ার’ চেষ্টা করা হচ্ছে।
নির্বাচনি প্রচারণায় এল-সাইয়েদ গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেন। তিনি দাবি জানান, ইসরাইলকে দেওয়া বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধ করে সেই অর্থ যেন আমেরিকার স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা এবং অবকাঠামো খাতে বিনিয়োগ করা হয়। তার এই সাহসী অবস্থান মিশিগানের সেইসব ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যারা গাজা যুদ্ধের প্রতি জোরালো সমর্থনের কারণে জো বাইডেনের বিরুদ্ধে সংগঠিত হয়েছিলেন।

