জাতিসংঘে অভিষেক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম নিউইয়র্ক সফর। এই সফরের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথমবারের মতো ভাষণ প্রদান করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি রয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি নিউইয়র্কে অবস্থানকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার একাধিক দ্বিপক্ষীয় বা সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।