প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠক শেষে সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, আজ আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আমাদের অংশীদারত্ব আরও শক্তিশালী করার বড় সুযোগগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব ফল অর্জন করতে পারব।
উল্লেখ্য, সার্জিও গর তিন দিনের সফরে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান। এই সফরের অংশ হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন কূটনীতিকের সঙ্গেও বৈঠক করেছেন। তার এই সফরকে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

