স্লোভেনিয়ায় জানালা থেকে পড়ে পোলিশ নিরাপত্তা প্রধান গুরুতর আহত

স্লোভেনিয়ায় পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেটিক সিকিউরিটি ব্যুরোর প্রধান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একটি ভবনের তৃতীয় তলার জানালা থেকে নিচে পড়ে গিয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন। ঘটনাটি ঘটেছে ১৩ই সেপ্টেম্বর রাত প্রায় ৩টার দিকে, তবে কয়েক দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, ওই কর্মকর্তা ছুটিতে ছিলেন এবং ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে মিশনের পাশের একটি আবাসিক ভবনে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যুরো পোল্যান্ডের বিভিন্ন কূটনৈতিক মিশনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। ছুটিতে থাকা সত্ত্বেও ওই কর্মকর্তা একটি কূটনৈতিক প্যাকেজ সংগ্রহ করেছিলেন এবং কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়াই সেটি পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানা গেছে।

পোল্যান্ডের পক্ষ থেকে স্লোভেনিয়ার পুলিশ বা উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পোলিশ মিশনের দাবি, তাদের নিজস্ব তদন্তকারীরাই ঘটনাস্থল পরীক্ষা করে ঘটনার কারণ অনুসন্ধান করবেন। টিভি স্লোভেনিজা’র সাংবাদিক মার্কো সাকসিদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পোলিশ পার্লামেন্টের নিম্নকক্ষ সেজমের ডেপুটি স্পিকার ক্রিশতোফ বসাক এই ঘটনাকে অত্যন্ত সন্দেহজনক বলে অভিহিত করেছেন। তিনি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট পদগুলোতে প্রায়ই নিরাপত্তা সংস্থার লোকজনকে নিয়োগ দেওয়া হয়। কেউ যদি কোনো কূটনৈতিক মিশনের একটি জানালা থেকে পড়ে যান এবং পরে জানা যায় যে তিনি ছুটিতে ছিলেন ও কোনো ধরনের একটি প্যাকেজ বহন করছিলেন, তাহলে বিষয়টি আর শুধু রহস্যজনক থাকে না; এটি অত্যন্ত, অত্যন্ত সন্দেহজনক হয়ে ওঠে।

স্লোভেনিয়ায় পোল্যান্ডের মিশনের দায়িত্বে থাকা চার্জ দ্য অ্যাফেয়ার্স লেশেক সোচেভিৎসাকে পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি’র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে পোল্যান্ডের পুলিশ সদর দপ্তরের ভেতরে গ্রেনেড লঞ্চার বিস্ফোরণের ঘটনায় দেশটির তৎকালীন পুলিশ প্রধান ইয়ারোস্লাভ শিমচিক আহত হয়েছিলেন, যা সে সময় বড় ধরনের নিরাপত্তা বিতর্কের সৃষ্টি করেছিল।