সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে উচ্চপর্যায়ের একাধিক বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি এই অধিবেশনে ভাষণ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতেই তিনি নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

প্রাথমিকভাবে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সফরের পরিকল্পনা থাকলেও বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী সফরসূচি ছোট করা হয়েছে। এর ফলে নিউইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পূর্বনির্ধারিত পরিকল্পনাটিও বাতিল করা হয়েছে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, অতীতের সরকারগুলোর তুলনায় এবারের প্রতিনিধিদলের আকার ছোট রাখা হয়েছে, যা প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের বহিঃপ্রকাশ।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনা। এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক আলোচনার আয়োজন করা হচ্ছে।

সফরে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ।

পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।