আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি ভিন্ন স্থানে এই ‘সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়। পাকিস্তান দাবি করেছে, এসব স্থানে ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আস্তানা ছিল। হামলায় বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র ধ্বংস হয়েছে বলেও ইসলামাবাদ দাবি করেছে।

পাকিস্তান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে অভিযানের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। দেশটির দাবি, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হুমকি এখনো অব্যাহত রয়েছে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বৃদ্ধির অভিযোগ করে আসছে ইসলামাবাদ। পাকিস্তান বারবার কাবুলকে তাদের ভূখণ্ডে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তবে আফগান কর্তৃপক্ষ পাকিস্তানের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।