বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো ঊর্ধ্বমুখী রয়েছে। গত ১৯ আগস্ট বুধবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে কেনাবেচা হচ্ছে। গত ২৪ জুলাইয়ের পর মঙ্গলবার জ্বালানি তেলের এই দর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উভয় দেশের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিনিয়োগকারীরা এখন দুই দেশের এই পরিস্থিতি ও মন্তব্য গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে সংঘাতের কারণে তেল সরবরাহে কোনো বড় ধরনের বাধা তৈরি হয় কি না, তা বোঝা যায়।