নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সীমাবদ্ধতা জানালেন নিউইয়র্কের মেয়র মামদানি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আইসিসির পরোয়ানা সমর্থন করলেও এটি বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের হাতে নেই।

ভিডিও বার্তায় মামদানি ইসরাইলি প্রধানমন্ত্রীকে 'ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি' হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, নেতানিয়াহু নিউইয়র্কে সফর করলে তার বিরুদ্ধে আইসিসির পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কিনা, তা নিয়ে তার প্রশাসন প্রযোজ্য আইনের অধীনে সব দিক থেকে পর্যালোচনা করেছে। পর্যালোচনায় দেখা গেছে, এ ধরনের পরোয়ানা বাস্তবায়নের এখতিয়ার কেবল মার্কিন কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হাতেই ন্যস্ত।

আইনি সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও নিজের ক্ষোভ প্রকাশ করতে ভোলেননি মেয়র। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না।

উল্লেখ্য যে, এর আগে নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে মন্তব্য করেছিলেন মামদানি। তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরাইলি এই নেতাকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের সেই বক্তব্যের পরপরই মামদানির এই নতুন ঘোষণা সামনে এলো। গাজায় ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।