নেপালে নতুন বন্যার ঝুঁকি, সতর্ক করলেন গবেষক

নেপাল ও তিব্বতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বন্যা বিষয়ক বিশেষজ্ঞরা। রিডিং বিশ্ববিদ্যালয়ের বন্যা পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকি গবেষক জেফ দা কস্তা জানিয়েছেন যে, সাম্প্রতিক আকস্মিক বন্যায় ওই অঞ্চলের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ বিভিন্ন নদীপ্রবাহকে আটকে দিয়ে উজানে নতুন নতুন হ্রদের সৃষ্টি করেছে, যা নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গবেষক জেফ দা কস্তার মতে, প্রথম বন্যার মতো তীব্র না হলেও দ্বিতীয় আরেকটি বন্যা আঘাত হানলে তা অত্যন্ত গুরুতর বিপর্যয় সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে এলাকার হ্রদ ও প্রাকৃতিক বাঁধগুলোর পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা এবং সেগুলো কোথায় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, তা নজরে রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

চীন ও নেপালের মধ্যে পর্যবেক্ষণমূলক তথ্য আদান-প্রদানকে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে অপরিহার্য বলে উল্লেখ করেছেন দা কস্তা। তিনি বলেন, উজানে ঘটা কোনো ঘটনা সীমান্তের ওপারের মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে। তাই তথ্য আদান-প্রদানের গতি বাড়িয়ে মাটিতে বাস্তব সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা জরুরি।

এই দুর্যোগের পেছনে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে কাজ করছে বলে তিনি জানান। উষ্ণতা বৃদ্ধির ফলে হিমালয়ের ঢাল, পারমাফ্রস্ট এবং হিমবাহের স্থিতিশীলতায় পরিবর্তন আসছে। তবে পর্যাপ্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ ছাড়া একে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল বলে দাবি করা যাবে না বলেও তিনি সতর্ক করেছেন।