নেপালের ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন সোল বাজার, নিখোঁজ সহস্রাধিক

নেপালের ভয়াবহ বন্যায় দেশটির একটি পুরো জেলা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিজের শৈশবের গ্রাম সোল বাজার ও এর পার্শ্ববর্তী জনপদকে পানির তোড়ে নিশ্চিহ্ন হতে দেখেছেন এক সাংবাদিক। ফোনে আসা ভিডিও, স্বজনদের আর্তনাদ আর একের পর এক বিচ্ছিন্ন ফোনকলের মাধ্যমে তিনি এই ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে কাঠমান্ডুতে অফিসে যাওয়ার পথে তিনি প্রথম এই ভয়াবহতার খবর পান। তার স্ত্রী ফোন করে জানান, ত্রিশূলী নদীতে ভয়াবহ বন্যা হয়েছে এবং সোল বাজার ও বেত্রাবতীতে আর কিছুই অবশিষ্ট নেই। মানুষ আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করছে।

সোল গ্রামটি নদী থেকে প্রায় ১০০ মিটার উঁচুতে অবস্থিত। ৪৪ বছরের জীবনে এমন বন্যার কথা তিনি কখনো শোনেননি বা দেখেননি। কিন্তু খবরের ওয়েবসাইটে ভয়াবহতার সত্যতা পাওয়ার পর তিনি বন্ধু ও সাংবাদিক নিরঞ্জনকে ফোন করেন। নিরঞ্জন জানান, তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে এক আত্মীয়ের মাধ্যমে জানা যায়, গ্রামটি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং অধিকাংশ মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। নিরঞ্জনের চাচা ফোন করে জানান, তার বাবা, মা, চাচা, চাচি ও ছোট বোন হিমানি সবাই পানির স্রোতে ভেসে গেছেন।

স্থানীয় ওয়ার্ড চেয়ারম্যান রবীন্দ্র নেপাল জানান, গ্রামটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেত্রাবতীর প্রায় ৯০ শতাংশ বাড়িঘর ভেসে গেছে এবং একটি স্কুল ভ্যান পানিতে তলিয়ে গেছে। স্থানীয় এক শিক্ষক জানান, তিনি তার পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। আহতদের মধ্যে অনেকেরই হাড় ভাঙা বা চোখের গুরুতর জখম রয়েছে এবং হেলিকপ্টার পাঠানোর আকুতি জানিয়েছেন অনেকে।

এই এলাকাটি কেবল একটি বাজার ছিল না, এটি ছিল মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। এখানে রাম ও কৃষ্ণের মন্দির, ঐতিহাসিক স্থান এবং তীর্থস্থান ছিল, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্যার কারণে রাস্তা, সেতু, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ত্রিশূলী জলবিদ্যুৎকেন্দ্রটিও ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ নেই। ভাইনসে সেতুসহ নদীর ওপরের সব ঝুলন্ত সেতু ভেসে যাওয়ায় জেলা সদর বিদুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভৈরামকোট, সামারি, টক্সার, দেউরালি, কিসপাং, কাউলে, ভালছে, সালমে এবং ধাদিংয়ের থারপুসহ বহু এলাকা এখন বিচ্ছিন্ন।

জেলা হাসপাতালও অনেকের নাগালের বাইরে চলে গেছে। এখন কেউ অসুস্থ হলে চিকিৎসার কোনো সুযোগ নেই। মানুষ লবণ পর্যন্ত কিনতে পারছে না এবং অনেকে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। এই বন্যা শুধু ঘরবাড়ি নয়, মানুষের ফসলের মাঠ ও শস্য ভাঙার কলগুলোও নিয়ে গেছে। এখন পর্যন্ত নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরও মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অন্তত ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।