নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নতুন বন্যার ঝুঁকি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শত শত প্রাণহানি ঘটানো এই বিপর্যয়ের পর এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তারা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

এর মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। নেপাল-তিব্বত সীমান্তের ভোটে কোশি নদীতে পাহাড়ি ঢল ও ভূমিধসের ফলে স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সেখানে একটি হ্রদ তৈরি হয়েছে, যা ভাটির অঞ্চলের জনবসতির জন্য প্রবল ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই সংক্রান্ত তথ্য তারা নেপালের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে চীনের কাছ থেকে পেয়েছে। স্যাটেলাইট চিত্র এবং প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, বুধবার তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে ভোটে কোশি নদীর উজানে এই হ্রদটি তৈরি হয়। জমা হওয়া পানির এই হ্রদটি ক্রমাগত বড় হচ্ছে, যা স্থানীয় জনপদগুলোর জন্য বড় ধরনের বন্যার ঝুঁকি তৈরি করেছে।