মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করার লক্ষ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ার ইব্রাহিম জানান, প্রায় দুই সপ্তাহ আগে তিনি বিষয়টি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিসভার সামনে উপস্থাপন করেছেন। তিনি বলেন, 'আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি এই বার্তা দিতে যে, আমরা বন্ধু হতে পারি, বাণিজ্য করতে পারি এবং মিয়ানমারকে গ্রহণ করতে পারি। তবে মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে।'
প্রধানমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের দিকে কেবল রাগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা বেশি কার্যকর। যদি একসঙ্গে বিপুল সংখ্যক শরণার্থীকে ফিরিয়ে নেওয়া সম্ভব না হয়, তবে পর্যায়ক্রমে প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনার প্রস্তাব দিয়েছেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, 'তাদের কে নেবে? কোথায় পাঠাব? তাদের তো মিয়ানমারের নাগরিকত্বই নেই।'
আলোচনা সাপেক্ষে মিয়ানমার প্রাথমিকভাবে ৫,০০০ শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ১,৫০০ জনকে ফেরানোর পরিকল্পনা রয়েছে এবং সরকারি সূত্র অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম দফায় ১,৪৭৬ জনকে প্রত্যাবাসন করা হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার নিশ্চয়তা মিয়ানমার মেনে নিয়েছে বলেও তিনি দাবি করেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় দুই লাখের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী বসবাস করছেন, যার মধ্যে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এক লাখ ২৬ হাজারের অধিক।
বিশ্লেষকদের মতে, মিয়ানমার এই প্রস্তাব গ্রহণ করলে এটি হবে মিন অং হ্লাইংয়ের কোনো আসিয়ান সদস্য রাষ্ট্রে পঞ্চম সফর। এর আগে তিনি লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম সফর করেছেন। এছাড়া চীন, ভারত ও রাশিয়াতেও তার সফর রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের পর থেকে আসিয়ান মিয়ানমারের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি এবং জোটের শীর্ষ সম্মেলনে দেশটির শীর্ষ নেতাদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে।
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ১৩

