কাজের প্রতি অটল নিষ্ঠা ও নিয়মিত উপস্থিতির স্বীকৃতিস্বরূপ ভারতের মুম্বইয়ের মেট্রো কর্তৃপক্ষ এক হলুদ রঙের বিড়ালকে সাম্মানিক পদে নিয়োগ দিয়েছে। মুম্বই মেট্রো স্টেশন ও এর আশপাশে অগণিত বিড়াল ঘুরে বেড়ালেও, গুন্ডাভালি স্টেশনের এই শান্তশিষ্ট বিড়ালটি এখন রীতিমতো ‘বস’ হিসেবে পরিচিতি পেয়েছে। স্টেশনের যাত্রীরা এতদিন তাকে সেভাবে গুরুত্ব না দিলেও, চাকরি পাওয়ার পর তার গুরুত্ব এখন আকাশচুম্বী।
মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেডের (এমএমএমওসিএল) আওতাধীন গুন্ডাভালি স্টেশনে দিনরাত বিচরণ করে এই বিড়ালটি। তার হাবভাব দেখে মনে হয় যেন সে পুরো স্টেশনের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। যাত্রীরা তাকে প্রায়ই চুপচাপ বসে থাকতে বা একা একা খেলতে দেখেন, আবার কখনও ফাঁকা জায়গা পেলে টানটান হয়ে শুয়ে থাকে। সে খুব একটা স্টেশনের বাইরে যায় না, যেন স্টেশন পাহারা দেওয়াই তার মূল দায়িত্ব।
দীর্ঘদিন ধরে এই স্টেশন দিয়ে যাতায়াতের সময় সন্দেশ সামন্ত নামে এক যাত্রী বিড়ালটির এই ‘অতন্দ্রপ্রহরী’ সত্তা লক্ষ্য করেন। তিনি বিড়ালটির একটি ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন এবং এমএমএমওসিএল-কে ট্যাগ করে আবেদন জানান যে, স্টেশনের প্রকৃত পাহারাদার হিসেবে বিড়ালটিকে একটি চাকরি দেওয়া হোক।
যাত্রীর এই মজার আবদারটি কর্তৃপক্ষ বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। আবেদনের পরের দিনই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, বিড়ালটি এখন থেকে তাদের ‘চিফ ফেলাইন অফিসার’ বা মুখ্য মার্জার আধিকারিক। কর্তৃপক্ষের মতে, তার দায়িত্বের মধ্যে রয়েছে গোটা স্টেশন পরিদর্শন করা, যাত্রীদের ওপর নজর রাখা এবং স্টেশনের সঠিক স্থানে বসে থাকা। এখন পর্যন্ত তার পারফরম্যান্স বেশ সন্তোষজনক বলেই কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে এই নতুন নিয়োগ নিয়ে কিছু প্রশ্নও উঠছে। সাধারণত মেট্রো স্টেশনে বিড়াল স্থায়ীভাবে থাকে না এবং সব যাত্রী প্রাণীদের উপস্থিতি পছন্দও করেন না। এছাড়া এই ‘চিফ ফেলাইন অফিসারের’ কোনো নির্দিষ্ট ঘর বা পরিচয়পত্র নেই, কারণ তার কাজই হলো স্টেশনের সর্বত্র ঘুরে ঘুরে নজরদারি চালানো।

