মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিও ফুটেজে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তবে মেহের নিউজের পক্ষ থেকে ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। ওই ঘটনার পর ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর, গত মার্চের শুরুর দিকে ইরানের নীতি-নির্ধারণী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার দ্বিতীয় ছেলে ৫০ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।