সুস্থ অবস্থায় জনসমক্ষে মোজতবা খামেনি, প্রকাশ হলো নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি। গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই ভিডিওটি সামনে আনা হলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রোববার (৯ আগস্ট) জানানো হয়, গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। মেহের নিউজের তথ্য অনুযায়ী, এটিই প্রথমবারের মতো প্রকাশ করা মোজতবা খামেনির কোনো ভিডিওচিত্র।

প্রকাশিত ১২ সেকেন্ডের এই ভিডিওটিতে মোজতবা খামেনিকে বেশ সুস্থ দেখা গেছে। ভিডিওতে তিনি তার চারপাশে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির সেই বিমান হামলায় মোজতবা খামেনি নিজের মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন। তবে নতুন এই ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মোজতবার একটি ভিডিও শেয়ার করেছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়েছিল, আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় বিজ্ঞান শিক্ষা দেওয়ার কোনো ভিডিও সেটিই প্রথম ছিল।