গালিগালাজ করা শিক্ষার্থীদের ক্ষমা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক ভিডিও বার্তায় তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করা শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিতে একদল শিক্ষার্থী তার প্রতি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেছিল। শুক্রবার (৩১ জুলাই) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিও বার্তায় মোদি বলেন, বিষয়টি তাকে গভীরভাবে ব্যথিত করলেও তিনি মনে করেন, তরুণদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ওই শিক্ষার্থীরা ভুল পথে পরিচালিত হয়েছে। তিনি তরুণদের এই আচরণকে একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেন। তিনি বলেন, অনেক সময় নিজের দাঁতেই নিজের জিহ্বা কেটে যায় এবং রক্ত বের হয়, কিন্তু আমরা তো সেই দাঁত ভেঙে ফেলি না। কারণ দাঁত ও জিহ্বা দুটোই আমাদের নিজেদের অংশ। তিনি মনে করেন, আইনি লড়াই বা কঠোর শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং তাদের সঠিক পথ দেখানোই সমাজের দায়িত্ব।

ভিডিওর শেষ অংশে মোদি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তিনি চান তরুণরা জীবনে সফল হোক।

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত ওই বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নয়ডার এক নারীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করা হয়েছে। গাজিয়াবাদের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) এবং ৩৫৬(১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়েছে। জিরো এফআইআর এমন একটি ব্যবস্থা, যেখানে অপরাধ যে এলাকাতেই ঘটুক না কেন, দেশের যেকোনো থানায় মামলা নেওয়া যায় এবং পরে সেটি সংশ্লিষ্ট এলাকার থানায় তদন্তের জন্য পাঠানো হয়।