কৈলাস পর্বত তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হওয়া শুভশ্রী চক্রবর্তী এবং রীনা ব্যানার্জি নামের দুই ভারতীয় নারী নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসের পর থেকে নিখোঁজ রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে আকস্মিক এক ভয়াবহ বন্যায় অন্তত ২৯০ জন ভারতীয় নিখোঁজ হয়েছেন। শুভশ্রীর স্বামী সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, গত বুধবার ভোরের দিকে তাঁর স্ত্রীর কাছ থেকে শেষবারের মতো বার্তা পেয়েছিলেন তিনি। সেই বার্তায় শুভশ্রী জানিয়েছিলেন, নেপালের অভিবাসন প্রক্রিয়া শেষ করে তাঁরা চীনে ঢোকার অপেক্ষায় আছেন। সকাল ৭টা ৫৭ মিনিটে পাঠানো ওই বার্তার পর ঠিক ছয় মিনিট অর্থাৎ সকাল ৮টা ৩ মিনিটে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
৪৩ বছর বয়সী শুভশ্রী একটি হাসপাতালের আইসিইউ বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় ৩০ জনের একটি দলের সঙ্গে ব্যক্তিগতভাবে এই তীর্থযাত্রায় অংশ নিয়েছিলেন। ২১ আগস্ট কলকাতা থেকে যাত্রা শুরু করে তিনি ২২ আগস্ট রক্সৌল পৌঁছান এবং পরে নেপালের বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু যান। পাহাড়ি এই ছোট্ট জনপদটি কাঠমান্ডু থেকে প্রায় ১২২ কিলোমিটার উত্তরে অবস্থিত, যা ল্যাংটাং অঞ্চলের ট্রেকিংয়ের প্রধান প্রবেশদ্বার। কাঠমান্ডুতে তিন দিন কাটানোর পর ২৫ আগস্ট তাঁর দলটি স্যাপ্রুবেসির উদ্দেশে রওনা হয়। সফরটি ছিল প্রায় ১২ ঘণ্টার এবং যাত্রাটিও খুব একটা মসৃণ ছিল না। পাহাড়ধসে রাস্তা বন্ধ হয়ে গেলে প্রায় চার ঘণ্টা তাঁদের আটকে থাকতে হয়েছিল। তবে শুভশ্রী তাঁর স্বামীকে জানিয়েছিলেন, সেখানকার আকাশ পরিষ্কার ছিল।
একই দলের অংশ ছিলেন ৫৪ বছর বয়সী রীনা ব্যানার্জি। কলকাতার এই প্রাইভেট টিউটরও একা ভ্রমণ করছিলেন। তাঁর ভাতিজা দ্বৈপায়ন মুখার্জি জানান, কাঠমান্ডু থেকে রীনা পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন এবং তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। আগের দিন পাহাড়ধসের মুখে পড়ার কথা রীনা নিজেও জানিয়েছিলেন। সে আরও জানায়, আবহাওয়া গরম, তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। পরদিন ২৬ আগস্ট সকাল ৭টার একটু পরেই শুভশ্রী হোটেল থেকে বেরিয়ে পড়েন। সুদীপ্ত ফোনে তাঁর সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে ট্যুর অপারেটর একটি ছবি পাঠায় যেখানে রীনাকে নেপাল ইমিগ্রেশন সেন্টারের সামনে দেখা যায়।
এখন দুই পরিবারের কাছেই বড় প্রশ্ন, তাঁদের প্রিয়জনেরা শেষ পর্যন্ত সীমান্ত পার হতে পেরেছিলেন কি না। সুদীপ্ত ভট্টাচার্য জানান, বেলা তিনটার দিকে বন্যার খবর পাওয়ার পর তিনি দলের সদস্য, ট্যুর অপারেটর এবং ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। নেপাল সরকারের ৫৩৭ জন নিখোঁজ মানুষের তালিকায় তাঁদের নাম থাকলেও পরিবারগুলো এখনো জানে না তাঁরা কোথায় আছেন বা আদৌ নিরাপদে আছেন কি না। সুদীপ্ত চীন সরকারের কাছে নিখোঁজ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের একটি সুনির্দিষ্ট তালিকা দাবি করেছেন।

