উড়িষ্যায় ক্ষুধার যন্ত্রণায় মৃত কুকুরের মাংস খেলেন এক যুবক

ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় এক হৃদয়বিদারক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খাচ্ছেন এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মানেস্বর চকের কাছে কোনো একটি গাড়ির ধাক্কায় কুকুরটি মারা যায়। মৃত কুকুরটি রাস্তার পাশেই পড়ে ছিল। একপর্যায়ে স্থানীয় লোকজন দেখতে পান, ওই ব্যক্তি কুকুরটির পাশে বসে সেটির শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন।

ওই ব্যক্তির শারীরিক অবস্থা এবং অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারণা হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। তার এমন আচরণ থেকে তীব্র ক্ষুধা এবং ন্যূনতম মৌলিক সহায়তা না পাওয়ার বিষয়টিও সামনে এসেছে।

হৃদয়বিদারক এ ঘটনার পর রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষদের ক্ষুধা, দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্যের সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভারতে আলোচনা শুরু হয়েছে। ভিডিওর দৃশ্যটি অনেককে স্তম্ভিত করলেও ঠিক কোন পরিস্থিতিতে পড়ে একজন মানুষ এমন চরম কাজ করতে বাধ্য হলেন, সে প্রশ্নও উঠছে।