যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে গমনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নতুন এই বিধিমালা প্রকাশ করেছে, যা দীর্ঘদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস (Duration of Status)’ পদ্ধতির সমাপ্তি ঘটাবে।
নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ চার বছর অবস্থান করতে পারবেন। পাশাপাশি বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা সাংবাদিকদের জন্য সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে। অন্যথায়, তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করে পুনরায় ভিসা নিয়ে প্রবেশ করতে হবে।
ডিএইচএস জানিয়েছে, গত বছর রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক এই শিক্ষার্থীকে কার্যকরভাবে পর্যবেক্ষণের লক্ষ্যেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর নতুন এই বিধিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে, তবে তার আগে এটি কংগ্রেসে পর্যালোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।
বিশ্লেষকদের ধারণা, নতুন এই নীতির প্রভাব আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পড়তে পারে, যা উচ্চশিক্ষার পরিকল্পনাকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। এদিকে, অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও শিক্ষকতার সুযোগ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণ কমিয়ে দিতে পারে।

