মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। মাদুরোর শাসনকালে ভেনেজুয়েলার কারাগারে বন্দি থাকা মার্কিন নাগরিকদের ওপর কথিত নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই নতুন অভিযোগগুলোর বিষয়ে বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর ফলে মাদুরো দম্পতির পাশাপাশি মামলার পরিধি আরও বিস্তৃত হতে পারে এবং অন্যান্য অভিযুক্তদের নামও সামনে আসতে পারে। তবে তদন্তকারীদের কাছে থাকা প্রমাণের ধরন বা সম্ভাব্য অন্য আসামিদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্তমানে নিউইয়র্কে বন্দি থাকা মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা চলমান রয়েছে। নতুন অভিযোগগুলো এই বিদ্যমান মামলার সঙ্গে যুক্ত করা হবে, নাকি আলাদা কোনো মামলা করা হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত জানুয়ারিতে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানের সময় এই দম্পতিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের ষড়যন্ত্রসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হলেও তারা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে আসছেন।
মাদুরোর দীর্ঘ শাসনকালের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ এখনও একাধিক তদন্ত ও আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন আদালতে নতুন যেকোনো অভিযোগ আনা হলে তা প্রমাণ করতে হবে প্রসিকিউশনকে। নিয়ম অনুযায়ী, মাদুরো, ফ্লোরেস এবং অন্যান্য সম্ভাব্য আসামিরা আইনি লড়াইয়ের মাধ্যমে এসব অভিযোগের বিরুদ্ধে নিজেদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

