ফুসফুসের ক্যানসারে প্রথমবার মানুষের শরীরে টিকার পরীক্ষা শুরু

ফুসফুসের ক্যানসার নিরাময়ের লক্ষ্যে প্রথমবারের মতো মানুষের শরীরে একটি নতুন ক্যানসার টিকার আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়, ক্ল্যাটারব্রিজ ক্যানসার সেন্টার (সিসিসি) এবং লিভারপুল ক্লিনিক্যাল ট্রায়ালস সেন্টারের বিশেষজ্ঞ গবেষক ও চিকিৎসকরা।

গবেষকদের উদ্ভাবিত এই বিশেষ টিকাটি প্রতিটি রোগীর শরীরের ক্যানসার টিউমারের স্বতন্ত্র জিনগত পরিবর্তন বিশ্লেষণ করে তৈরি করা হয়। অর্থাৎ, একই ধরনের ক্যানসারে আক্রান্ত হলেও প্রতিটি রোগীর জন্য টিকাটি হবে আলাদা এবং ব্যক্তিভিত্তিক। এই ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে উন্নত পর্যায়ের নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এক রোগীর শরীরে প্রথমবারের মতো এই টিকা প্রয়োগ করা হয়েছে, যার মাধ্যমে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এটি গ্রহণের নজির স্থাপন করলেন।

‘নিওভ্যাক’ নামের এই প্রথম ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার জন্য যুক্তরাজ্যের মেডিকেল রিসার্চ কাউন্সিল ২৬ লাখ ৬০ হাজার পাউন্ড অনুদান প্রদান করেছে। এই টিকা তৈরির প্রক্রিয়ায় আধুনিক কম্পিউটার প্রযুক্তির পাশাপাশি ‘ডগিবোন ডিএনএ’ (ডিবিডিএনএ) নামক একটি কৃত্রিম ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গবেষকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে দ্রুততর সময়ে, কম খরচে এবং বৃহৎ পরিসরে ব্যক্তিভিত্তিক টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষণাটির যৌথ নেতৃত্বে থাকা ক্ল্যাটারব্রিজ ক্যানসার সেন্টারের অধ্যাপক ক্রিশ্চিয়ান অটেনসমায়ার জানান, যে সব রোগীদের ক্ষেত্রে প্রচলিত ইমিউনোথেরাপি কার্যকর হয় না, তাদের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে এই টিকা সহায়ক হবে। উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ এবং যুক্তরাজ্যে প্রায় ৫০ হাজার মানুষ নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন।