কিস্তির টাকা না পেয়ে তরুণের রক্ত নিলেন রিকভারি এজেন্টরা

ভারতের উত্তর প্রদেশের লখনউতে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক তরুণকে অপহরণ করে তার শরীর থেকে জোরপূর্বক রক্ত নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই তরুণের নাম নেহাল, যিনি লখনউয়ের শেষ প্রান্তের রাজারামখেরা গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি স্থানীয় একটি দোকান থেকে ২১ হাজার ৫০০ রুপিতে একটি নতুন মোবাইল ফোন কিনেছিলেন। মাসিক ২ হাজার ৭৯৯ রুপি কিস্তিতে পরিশোধের শর্ত থাকলেও তিনি প্রথম কিস্তিই জমা দিতে ব্যর্থ হন।

পুলিশের তদন্ত অনুযায়ী, নেহালের কোনো নিয়মিত আয়ের উৎস না থাকা সত্ত্বেও দোকানদার ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি তাকে ঋণ দিতে সম্মত হয়েছিল। কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার পর থেকেই রিকভারি এজেন্টরা তাকে চাপ দিতে শুরু করেন। গত ৮ সেপ্টেম্বর শুভম ও অনিকেত নামের দুই রিকভারি এজেন্ট নেহালকে তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান। অভিযোগ রয়েছে, এরপর তাকে একটি ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে বাধ্যতামূলকভাবে রক্তদান করানো হয় এবং সেই রক্ত বিক্রি করে কিস্তির টাকা আদায় করা হয়।

শুধু এখানেই শেষ নয়, রক্ত নেওয়ার পর নেহালকে শুভমের বাড়িতে চারদিন আটকে রেখে পরিচারকের কাজ করতে বাধ্য করা হয়েছিল। তাকে ছেড়ে দেওয়ার আগে তার দাদা রাজকুমারের কাছ থেকেও এক মাসের কিস্তির সমপরিমাণ টাকা আদায় করা হয় বলে পুলিশ জানিয়েছে।

লখনউ সাউথের ডিএসপি মহম্মদ মুস্তাক জানান, নেহাল ও তার মা রিকভারি এজেন্টদের দ্বারা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছিলেন। নেহালের মায়ের অভিযোগের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে এবং কল ডিটেইলস বিশ্লেষণ করে শুভম ও অনিকেতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন, যার সন্ধান দিলে ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। বর্তমানে পুলিশ পুরো ঘটনায় সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি ও ব্লাড ব্যাংকের ভূমিকা খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।