যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের লিংকন শহরে বসবাসকারী ইনমাকুলাডা জ্যাকম্যানের পারিবারিক পোষা কুকুর ‘চং’ ২০২১ সালে হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়। দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ না পাওয়ায় মনে হয়েছিল যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। প্রিয় পোষা প্রাণীকে ফিরে পেতে জ্যাকম্যান পরিবার দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েছে। ইনমাকুলাডা জ্যাকম্যান কেওএলএন-টিভিকে জানান, তিনি নিয়মিত গাড়ি নিয়ে তাদের পুরোনো এলাকায় যেতেন এবং কোথাও চং হাঁটাহাঁটি করছে কি না বা কাউকে দৌড়াদৌড়ি করতে দেখা যায় কি না, তা দেখার চেষ্টা করতেন।
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে যখন জ্যাকম্যানের এক বন্ধু ইনডিয়ানা অঙ্গরাজ্যের হেনড্রিক্স কাউন্টি অ্যানিমেল শেল্টারের ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পান। পোস্টটিতে জানানো হয়, ইনডিয়ানার পিটসবোরোর ‘লাভস ট্রাকস্টপ’–এর বাইরে চংকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখা গেছে এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই জায়গাটি জ্যাকম্যানদের বাড়ি থেকে প্রায় ১ হাজার ৩৩ কিলোমিটার বা প্রায় ৬৪২ মাইল দূরে অবস্থিত।
এত দূরে চং কীভাবে পৌঁছাল, তা নিয়ে বিস্ময় থাকলেও জ্যাকম্যান দেরি না করে দ্রুত ওই প্রাণী আশ্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন। তবে সেখানে গিয়ে তিনি নতুন এক জটিলতার মুখে পড়েন। চং হারিয়ে যাওয়ার পর অন্য কেউ তাকে খুঁজে পেয়ে তার গায়ে নতুন একটি মাইক্রোচিপ বসিয়েছিল। ইনমাকুলাডা জ্যাকম্যান ফেসবুকে জানান, চিপটি অন্য কারও নামে থাকায় আশ্রয়কেন্দ্রের নিয়ম ও প্রটোকল অনুযায়ী তাদের তিন দিন অপেক্ষা করতে হয়েছে। ওই তিন দিনে চিপের ফাইলে থাকা নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
বাধ্যতামূলক তিন দিনের অপেক্ষা শেষ হওয়ার পর চংকে দত্তক নেওয়ার জন্য প্রস্তুত করা হয়। এ খবর পেয়ে জ্যাকম্যান ইনডিয়ানায় রওনা দেন এবং সঙ্গে নিয়ে যান চংয়ের ভাই ‘চিচ’-কে। আশ্রয়কেন্দ্রের তথ্যমতে, সেখানে পৌঁছানোর পর এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। চং শুধু তার মালিককেই নয়, নিজের ভাইকেও চিনতে পেরেছে। এখন চং তার পরিবারের ভালোবাসার ছায়ায় ফিরে এসেছে।

