ইরানে মার্কিন হামলায় জড়িত থাকার খবর ভিত্তিহীন বলে জানাল কুয়েত

ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় কুয়েতের যুদ্ধবিমান অংশ নেওয়ার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কুয়েত। মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত প্রতিবেদনটি তথ্যগতভাবে অসত্য বলে দাবি করেছে দেশটি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেইখা আল-জাইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের কাছে লেখা এক চিঠিতে এই খবরটি অস্বীকার করেন। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেইউএনএ-এর বরাতে জানানো হয়েছে, রাষ্ট্রদূত প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ এবং একেবারে ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন।

রাষ্ট্রদূত নিশ্চিত করে জানান, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে কুয়েত অংশ নেয়নি। এছাড়া কোনো দেশ বা শক্তিকে তাদের নিজস্ব ভূখণ্ড, আকাশসীমা কিংবা সমুদ্রসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণাত্মক অভিযান চালাতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না বলে তিনি স্পষ্ট করেছেন।

এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে দাবি করেছিল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইরানভিত্তিক বেশ কিছু লক্ষ্যবস্তুতে কুয়েত ও বাহরাইন তাদের যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে। ইরানের দাবি ছিল, তাদের বিভিন্ন শহরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই তারা এ পদক্ষেপ নিয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট বিষয়ে অবহিত সূত্রের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল বলে দাবি করে, তবে কুয়েতের আনুষ্ঠানিক অবস্থান এই প্রতিবেদনটিকে পুরোপুরি নাকচ করে দিল।