যুদ্ধ ও অর্থনীতি নিয়ে খামেনি-গালিবাফের গুরুত্বপূর্ণ বৈঠক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সামরিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মোজতবা খামেনি এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বৈঠক করেছেন। বুধবার (২১ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতার সরকারি ওয়েবসাইটের তথ্যের বরাতে আল মায়াদিন ইংলিশ এ খবর জানিয়েছে।

বৈঠকে মূলত দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি, পার্লামেন্ট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং জনসমাবেশে ইরানিদের সচেতন ও প্রতিরোধমূলক অবস্থান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান অর্থনৈতিক ও জীবনযাত্রাসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও পার্লামেন্টের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ইরানের কৌশলগত অংশীদারদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

গালিবাফ এ সময় যুদ্ধ শুরুর পর আইনপ্রণেতাদের কার্যক্রম এবং দেশের অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলায় পার্লামেন্টের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খামেনিকে অবহিত করেন। এর আগে ২০২৬ সালের ২৮ মে পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া এক বার্তায় খামেনি সরকার ও পার্লামেন্টের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছিলেন। তিনি অর্থনৈতিক সংকট নিরসন, দুর্নীতি দমন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পার্লামেন্টের সক্ষমতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছিলেন।

গত সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে গালিবাফ জানান, টেকসই প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠা এবং প্রতিপক্ষকে ইরানিদের দাবি মানতে বাধ্য করতে তেহরান একই সঙ্গে যুদ্ধ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ বা আলোচনা অনির্দিষ্টকাল চলবে। তিনি আরও দাবি করেন, ইরানের সক্ষমতা কমে গেছে ভেবে যুক্তরাষ্ট্র যে হামলার সিদ্ধান্ত নিয়েছিল তা একটি ভুল পদক্ষেপ ছিল। তাঁর মতে, ইরানের শক্তি এমন পর্যায়ে রাখা জরুরি যাতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলো বুঝতে পারে যে আগ্রাসনের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি ভঙ্গ করার সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তার আচরণের পরিণতি ভোগ করতে হবে এবং ইরানি জনগণের দাবি মেনে নিতে হবে।