ডেমোক্র্যাটদের নতুন ওবামা হওয়ার দৌড়ে জর্জিয়ার সিনেটর জন অসফ

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে জর্জিয়ার সিনেটর জন অসফ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নিজের আসন ধরে রেখে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই তার রাজনৈতিক সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অনলাইন পূর্বাভাসভিত্তিক বাজার পলিমার্কেটের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে তিনি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতো পরিচিত মুখদের পেছনে ফেলে এগিয়ে গেছেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পলিমার্কেটে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অসফের সম্ভাবনা ২৪ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে গত ২৪ ঘণ্টায় তার সম্ভাবনা বেড়েছে ৯ শতাংশ। এছাড়া, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সরাসরি বিজয়ী হওয়ার সম্ভাবনাও এক দিনে ১০ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশে উন্নীত হয়েছে। বর্তমানে এই পূর্বাভাসে তিনি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের চেয়ে চার শতাংশ পয়েন্ট এবং জেডি ভ্যান্সের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন। একসময় শক্তিশালী অবস্থানে থাকা ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সম্ভাবনা ৪০ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমে আসায় অসফের অবস্থান আরও উজ্জ্বল হয়েছে।

জন অসফের এই জনপ্রিয়তা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে জর্জিয়ার সিনেট আসনে তার বড় ব্যবধানে জয়লাভকে। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্সকে হারিয়ে পুনর্নির্বাচিত হওয়ার সময় তিনি ২৪ লাখের বেশি ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৫৮ দশমিক ৯ শতাংশ। ট্রাম্পের প্রভাব থাকা জর্জিয়া অঙ্গরাজ্যে একজন ডেমোক্র্যাট হিসেবে এই জয় তার রাজনৈতিক ভিত্তিকে আরও মজবুত করেছে। নির্বাচনী প্রচারের সময় তিনি ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন এবং নিজের প্রচারে ১০ কোটি ডলারের বেশি অনুদান সংগ্রহ করতে সক্ষম হন।

নির্বাচনে জয়ের পর সমর্থকদের সামনে ট্রাম্পের কঠোর সমালোচনা করে অসফ বলেন, তাদের কাজ কেবল প্রেসিডেন্টের অনিষ্ট ঠেকানো নয়, বরং দেশের ভাঙন সারিয়ে তোলা। ট্রাম্পের শাসনামলকে তিনি অনৈতিকতা, দুর্নীতি ও অযোগ্যতার প্রতীক হিসেবে অভিহিত করেন। এদিকে, তার বাগ্মিতা, প্রগতিশীল ও মধ্যপন্থি অবস্থানের ভারসাম্য এবং তরুণ নেতৃত্বের কারণে অনেকেই তাকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুলনা করছেন। ২০২১ সালে সিনেটে প্রবেশের পর থেকে তিনি ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তবে ২০২৮ সালের নির্বাচন এখনো দুই বছরের বেশি দূরে থাকায় পলিমার্কেটের এই পরিসংখ্যানকে চূড়ান্ত দলীয় মনোনয়ন হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি মার্কিন রাজনীতিতে অসফের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

অসফের আসনটি রিপাবলিকানদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। কারণ, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জয়ী হয়েছিলেন। এমন একটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সিনেটর হিসেবে অসফের পুনর্নির্বাচিত হওয়া তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।