জাপানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আহত ২০

জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে পশ্চিম শিজুওকা প্রিফেকচারে এই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা কিয়োদোর তথ্যানুযায়ী, আইচি ও শিজুওকা প্রিফেকচারে সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের তীব্র কম্পন আইচি প্রিফেকচারের বিশাল এলাকাজুড়ে অনুভূত হয়েছে। এছাড়া হামামাতসু শহর, জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা, মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি প্রিফেকচার এবং গিফু প্রিফেকচারেও কম্পন অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের ফলে বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। জাপানি টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, একটি বইয়ের দোকানের তাক থেকে বিপুলসংখ্যক বই মেঝেতে পড়ে আছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে জানানো হয়েছে, আতঙ্কে ভবন থেকে বাইরে বেরিয়ে আসার সময় সিঁড়িতে পড়ে গিয়ে অনেকে আহত হয়েছেন।

জাপানের আবহাওয়া অধিদপ্তর আগামী এক সপ্তাহ সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিনের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে।