নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন আইজেনকোট

ইসরাইলের ২৬তম নেসেটের (পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিনই বড় ধরনের চমক দেখিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত এবং আইনগুলো বাতিলের লক্ষ্যে তার জোটের পক্ষ থেকে একাধিক বিল জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পার্লামেন্টের প্রথম দিনেই এই উদ্যোগের মাধ্যমে তারা নতুন সরকারের নীতিমালার বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে এই বিলগুলো জমা দিয়েছে। প্রস্তাবিত বিলগুলোর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মে আগের সরকারের করা সংশোধনী বাতিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বিরোধী জোটের পক্ষ থেকে বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইনগুলো বাতিলের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন। ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও জানিয়েছে। এছাড়া ইয়াশার দল পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাত থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

সামাজিক ও ধর্মীয় বিষয়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিরোধী জোট। এর মধ্যে রয়েছে শাবাতে (ইহুদিদের ধর্মীয় ছুটির দিন) গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ আনা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ। এছাড়া মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নেতানিয়াহু শুরু থেকেই হামাসের হামলার তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন। তার দাবি, সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োগ পাওয়া কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু কমিশন গঠনে বাধা দিচ্ছেন। বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে ইসরাইলে এর আগে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যেখানে সমালোচকরা দাবি করেছিলেন, এসব পরিবর্তন দেশটির গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি নিয়েও বিরোধী দলগুলো তাদের আপত্তি জানিয়ে আসছে।

বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে তাদের জায়গায় সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী রাখার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাশ করা হয়েছিল।