আন্তর্জাতিক জনমত গঠনে বাজেট চার গুণ বাড়াল ইসরাইল

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উন্নয়ন এবং জনমত গঠনের কাজে ইসরাইল তাদের বাজেটে বিশাল অংকের অর্থ বরাদ্দ করেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান 'কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট'-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আন্তর্জাতিক তথ্যপ্রচার ও লোকসম্পর্কের কাজে ইসরাইল প্রায় ৭৫ কোটি বা ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট নির্ধারণ করেছে। অথচ ২০২৫ সালে এই খাতে তাদের খরচের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি বা ১৯০ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ইসরাইলের এই খাতের বাজেট প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।

কুইন্সি ইনস্টিটিউটের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের 'ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট' বা ফারাহ-এর আওতায় বিশ্বজুড়ে তথ্যপ্রচারের অংশ হিসেবে ইসরাইল ১০ কোটি বা ১০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছে। এছাড়া নিজেদের প্রচার কার্যক্রম ও স্বার্থরক্ষা নিশ্চিত করতে ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে অন্তত ১৭টি নতুন প্রতিষ্ঠান ফারাহ্‌-র অধীনে নিবন্ধিত হয়ে ইসরাইলের হয়ে কাজ শুরু করেছে।