ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোট গণনা যত এগোচ্ছে, ঝুলন্ত পার্লামেন্ট ও সরকার গঠন নিয়ে জটিলতা ততই স্পষ্ট হয়ে উঠছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট সবচেয়ে বেশি আসনে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতার কোটা স্পর্শ করতে পারছে না। ফলে ক্ষমতার মসনদে নেতানিয়াহুর ফেরা ঝুলন্ত অবস্থায় রয়েছে। অন্যদিকে, বিরোধী দলগুলো যদি আরব দলগুলোকে সঙ্গে নিয়ে জোট বাঁধে, তবে নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখা সম্ভব হতে পারে। তবে আরব দলগুলোর সমর্থন নেওয়া না-নেওয়া নিয়ে বিরোধী শিবিরের নিজেদের ভেতরের মতপার্থক্য এখনো কাটেনি।
বুধবার (২৮ অক্টোবর) ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত আংশিক ফলাফলে দেখা গেছে, প্রায় ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনার পর নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়ায় ৫৪টিতে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট ৪৯টি আসনে জয় পাওয়ার অবস্থানে রয়েছে। এর পাশাপাশি আরব দলগুলোর জোটে এসেছে ১৭টি আসন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নতুন সরকার গঠন করতে হলে অন্তত ৬১টি আসনের সমর্থনের প্রয়োজন হয়। ফলে এই মুহূর্তে কোনো জোটই এককভাবে সরকার গঠনের মতো স্পষ্ট অবস্থানে পৌঁছায়নি।
দলগত দিক থেকে নেতানিয়াহুর লিকুদ পার্টি বৃহত্তম দল হিসেবে অবস্থান ধরে রেখেছে। আর সাবেক সামরিক কর্মকর্তা গাদি আইজেনকটের ‘ইয়াশার’ দল বিরোধী শিবিরের প্রধান শক্তির রূপ নিয়েছে। এই ক্ষমতার সমীকরণে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন দল এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, সম্পূর্ণ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত আসনসংখ্যায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান। তিনি স্পষ্ট করেই বলেন, দেশের আরব নাগরিকদের রাজনৈতিকভাবে প্রতিনিধিত্বকারী দলগুলোকে সঙ্গে নিয়েই সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় হিসাব মেলানো সম্ভব। বিরোধীদের সামনে এই রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নেওয়ার তাগিদ দেন তিনি।
একই সুর ভেসে এসেছে আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর নেতাদের কাছ থেকেও। দলটির নেতা ইউসেফ জাবারিন জানিয়েছেন, নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরাতে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। জয়েন্ট লিস্টের আরেক জ্যেষ্ঠ নেতা ও আইনপ্রণেতা আহমাদ তিবি বিরোধীদের সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলগুলো সরকার গঠনে উদ্যোগী হলে আরব দলগুলো পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।
তবে আরব দলগুলোর ওপর ভরসা করে সরকার গঠনের প্রস্তাবটি বিরোধী শিবিরের জন্য বেশ চ্যালেঞ্জিং। নির্বাচনের আগে বিরোধী জোটের শীর্ষ নেতাদের অনেকেই আরব দলগুলোর সরাসরি সমর্থনে সরকার গঠনের তীব্র বিরোধিতা করেছিলেন। ফলে আসনসংখ্যার অংক মিললেও রাজনৈতিক নীতিগত সমঝোতা কতটা সহজ হবে, তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে।
নেতানিয়াহু যদি প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন, তবে বিকল্প সরকার গঠনের জন্য নতুন আলোচনা শুরু হতে পারে। কিন্তু বিরোধী নেতারা নেতানিয়াহুর জোটে যোগ দিতে একদমই আগ্রহী নন, যা একটি সার্বিক ঐকমত্যের সরকার গঠনের পথকেও অবরুদ্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত কোনো পক্ষই যদি ৬১টি আসনের সমর্থন মেলাতে না পারে, তবে ইসরায়েলকে আবার আগাম নির্বাচনের দিকে হেঁটে যেতে হতে পারে। চূড়ান্ত ভোট গণনার পর এই অচলাবস্থা কাটবে কি না, তা স্পষ্ট হবে।

