ইরানের বর্তমান শাসনব্যবস্থা ও রাজনৈতিক নেতৃত্বকে উৎখাত করাই নিজেদের ‘প্রধান লক্ষ্য’ বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার আগে প্রকাশিত একাধিক জনমত জরিপে নেতানিয়াহুর রাজনৈতিক সমর্থনে ঘাটতি দেখা গেছে। এই রাজনৈতিক পরিস্থিতির আবহেই ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়ে এমন মন্তব্য করেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ইসরায়েল সফরের পরপরই নেতানিয়াহু এই ঘোষণা দেন। তবে ওয়াশিংটন নতুন কোনো সামরিক অভিযানে সরাসরি যোগ দেবে কিংবা তেহরানের নেতৃত্ব উৎখাতে ভূমিকা রাখবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি।
সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানে বড় ধরনের হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার মতো পর্যাপ্ত সামরিক শক্তি ইসরায়েল বিমানবাহিনীর রয়েছে। তবে শুধু সামরিক শক্তি প্রয়োগ করে কীভাবে একটি দেশের সরকার উৎখাত করা সম্ভব, সে বিষয়ে ইসরায়েলের কাছে কোনো সুস্পষ্ট বা কার্যকর কৌশল নেই। অতীতে কেবল বিমান হামলা চালিয়ে কোনো দেশের সরকার পতন ঘটানোর নজির নেই বললেই চলে। অন্যদিকে স্থল অভিযান চালাতে গেলে যে বিশাল সামরিক শক্তি ও দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রয়োজন, তা একা ইসরায়েলের পক্ষে ব্যবস্থাপনা করা অত্যন্ত কঠিন।
বিশেষজ্ঞরা মনে করেন, ওয়াশিংটনের সরাসরি সহযোগিতা ছাড়া মাটির অনেক গভীরে ও পাহাড়ি গুহায় লুকিয়ে রাখা ইরানের প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো ইসরায়েলের জন্য বলতে গেলে অসম্ভব। এ ধরনের সুবিশাল ও সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষ ধরনের যেসব অস্ত্র প্রয়োজন, তা কেবল যুক্তরাষ্ট্রের সামরিক বহরেই রয়েছে। উদাহরণস্বরূপ, ৩০ হাজার পাউন্ড ওজনের জিবিইউ-৫৭ বাংকারবিধ্বংসী বোমার কথা বলা যায়। ২০২৫ সালের জুনে মার্কিন বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ফোরদো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় এই বোমাগুলো ফেলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের এই বিশেষ সক্ষমতা ইসরায়েলের এককভাবে অর্জনের সুযোগ নেই।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) গবেষক আরবান কনিংহাম আল-জাজিরাকে জানান, ইসরায়েলের হাতে প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্রের মজুত রয়েছে এবং আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার নিজস্ব ব্যবস্থা আছে। এর ফলে ইসরায়েল আবার ইরানি আকাশে আধিপত্য বিস্তার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানতে পারবে। কিন্তু বিমান হামলা চালিয়ে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হলেও, এর মাধ্যমে দেশটির শাসনব্যবস্থা বদলে দেওয়া যাবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
ঐতিহাসিক দিক বিবেচনা করলে, ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নেতানিয়াহু ইরানকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরছেন। ওই বছরের জুলাই মাসে মার্কিন কংগ্রেসে দেওয়া ঐতিহাসিক ভাষণে তিনি মন্তব্য করেছিলেন যে, চরমপন্থা ও নিষ্ঠুর স্বৈরশাসনের মেলবন্ধনে গঠিত ইরান শাসনব্যবস্থা বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক। এর প্রায় তিন দশক পর ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালায় এবং পরবর্তীতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের আক্রমণ পরিচালনা করে। নেতানিয়াহু এতদিন ধরে যে মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছিলেন, তা বাস্তবায়িত হলেও দফায় দফায় যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের পরও তেহরানের সরকারের পতন ঘটেনি।
চলতি বছরের গত মার্চে নেতানিয়াহু নিজেও এক বক্তব্যে স্বীকার করেছিলেন যে শুধু আকাশপথের হামলায় সরকার উৎখাত করা সম্ভব নয় এবং এর জন্য স্থল অভিযানের প্রয়োজন রয়েছে। তবে সেই স্থল অভিযান কীভাবে এবং কাদের দিয়ে বাস্তবায়িত হবে, তার কোনো সুস্পষ্ট রূপরেখা তিনি দেননি। অন্যদিকে তুরস্কের কায়সেরি শহরের আবদুল্লাহ গুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক চাগলার কুরচ আল-জাজিরাকে বলেন, বিমান হামলা চালিয়ে ইরানের দৃশ্যমান সামরিক সক্ষমতা দুর্বল করা সম্ভব হলেও লুকিয়ে রাখা অস্ত্র ও পাল্টা আঘাত হানার ক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায় না। তাঁর মতে, ইরানে সরকার পরিবর্তন করতে হলে সেখানে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করতে হবে এবং বছরের পর বছর সামরিক উপস্থিতি বজায় রাখতে হবে। কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কারও পক্ষেই এমন দীর্ঘমেয়াদি অভিযানে জড়ানো সম্ভব নয়।
গোপন গোয়েন্দা ও সাইবার কৌশলের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। কনিংহাম জানান, ইসরায়েল অতীতে যেসব গোপন কৌশল ও মানব গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করেছে, সেগুলো বারবার একইভাবে কাজ করবে না। গোপন গোয়েন্দা নেটওয়ার্ক একবার প্রকাশ হয়ে গেলে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো তা দ্রুত শনাক্ত ও নিষ্ক্রিয় করে ফেলে। এ ছাড়া কুর্দি বা বালুচ সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে সরকারের পতন ঘটানোর পরিকল্পনাও অতটা বাস্তবসম্মত নয়। গত মার্চে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন কর্তৃক কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার আলোচনার কথা বলা হলেও, ইরানি বিপ্লবি গার্ড বাহিনীর (আইআরজিসি) মোকাবিলা করার মতো সামরিক সক্ষমতা ওই গোষ্ঠীগুলোর নেই।
ইরানের সামরিক প্রতিরক্ষার কৌশলগত দিক উল্লেখ করে রুসির জ্যেষ্ঠ গবেষক সিদ্ধার্থ কৌশল জানান, আগের হামলাগুলোতে লক্ষ্যবস্তু নির্ধারণের ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের কাছে এখনো প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। বিশেষ করে পুরোনো চীনা মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র (এএসসিএম) ইরান নিজ দেশেই বিপুল পরিমাণে উৎপাদন করে। তা ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের জটিল পাহাড়ি ভূপ্রকৃতি বিমান হামলা থেকে ইরানি অস্ত্রাগারকে স্বাভাবিক প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে।
ইসরায়েলের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোও কম নয়। দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট দেখা দিতে পারে। ইরানের তৈরি তুলনামূলক সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলকে প্রতিটি ক্ষেত্রে চড়া দামের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যা দেশটির অর্থনীতির ওপর বিশাল আর্থিক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি গাজায় পরিচালিত সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ইতোমধ্যেই কূটনৈতিকভাবে বেশ একঘরে হয়ে পড়েছে।
এদিকে ফিন্যান্সিয়াল টাইমসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর জন্য ইসরায়েল ওয়াশিংটনে একটি প্রস্তাব পাঠালেও প্রেসিডেন্ট ট্রাম্প তাতে অনুমোদন দেননি। সামনে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্প নতুন কোনো বড় সংঘাতের ঝুঁকিতে যেতে চান না। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থের সঙ্গে ইসরায়েলের এই মুহূর্তে মতভিন্নতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি অংশ না নেয়, তবে তেহরান মার্কিন ঘাঁটি কিংবা হরমুজ প্রণালিতে হামলা না চালিয়ে কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে পাল্টা জবাব দেবে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েল আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে। শেষ পর্যন্ত সামরিক সক্ষমতা এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের মধ্যকার এই বিরাট ফারাকই ইসরায়েলকে এককভাবে বড় সামরিক অভিযানে নামা থেকে বিরত রাখতে পারে।
