পশ্চিম তীরে অবৈধ বসতি তিন গুণ বড় করার ঘোষণা ইসরাইলের

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের নিকটবর্তী ‘ইলি’ নামক অবৈধ ইসরাইলি বসতিটি আরও সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই নতুন প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন, যার আওতায় সেখানে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মিত হবে। শনিবার ইসরাইলের ‘চ্যানেল ১৪’-এর সাথে এক সাক্ষাৎকারে স্মোটরিচ জানান, পশ্চিম তীরে নতুন নতুন খামার ও বসতি স্থাপনের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ইসরাইলি সরকার।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর তথ্যমতে, ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মিত হলে আগামী কয়েক বছরের মধ্যে ইলি বসতির বর্তমান আকার তিন গুণ বৃদ্ধি পাবে। নাবলুসের কাছে সাম্প্রতিক এক প্রাণঘাতী সংঘাতের ঘটনার পরপরই বসতি সম্প্রসারণের এই বড় ধরনের পরিকল্পনা প্রকাশ্যে এল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় সংঘাতের সৃষ্টি হয়। এতে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নাগরিক নিহত হন।

ইসরাইলের আসন্ন নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত স্মোটরিচ বসতি সম্প্রসারণের এই নীতির একজন কট্টর সমর্থক। চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের লক্ষ্যে ইসরাইলি নিরাপত্তা ক্যাবিনেট প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ১৩০ কোটি শেকেল বাজেট অনুমোদন করেছে। স্মোটরিচের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষি আউটপোস্টের অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্মিত সব বসতি সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা অগ্রহণযোগ্য।