জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন যে, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে তিনি জোর দিয়ে বলেন, ইরান শক্তির ভাষায় নয়, বরং কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের পথে এগোতে চায়। তিনি তার ভাষণে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড, ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন।
ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের ভাষণের এক দিন পরই এই বক্তব্য দিলেন পেজেশকিয়ান। ট্রাম্প তার ভাষণে ইরানকে সতর্ক করার পাশাপাশি দেশটির অর্থনৈতিক বিচ্ছিন্নতার আহ্বান জানান এবং ইসলামি প্রজাতন্ত্রকে ‘ধ্বংস’ করার হুমকি দেন। এর জবাবে পেজেশকিয়ান বলেন, ইরান আত্মসমর্পণ করবে না, তবে আলোচনার পথ খোলা রাখা হয়েছে। তিনি দাবি করেন, ইরান সবসময় আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করে এসেছে এবং দেশটি কখনো আগ্রাসী ছিল না।
ইরানকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে পেজেশকিয়ান বলেন, বরং ইরানিরাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাস ও আগ্রাসনের শিকার। তিনি মিনাবে একটি স্কুল এবং লামার্দে শিশুদের উপস্থিতি থাকা একটি ক্রীড়া হলে হামলার উদাহরণ টেনে বলেন, এসব হামলায় ইরানি বিজ্ঞানী, বেসামরিক মানুষ ও শিশু নিহত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের দিন তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনাটি ইরানের নিরাপত্তার প্রতি বড় হুমকি।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের প্রেসিডেন্ট জানান, চিকিৎসা, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের জন্য ইরান পারমাণবিক প্রযুক্তি চায়। তিনি স্পষ্ট করেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, তবে নিজস্ব সক্ষমতা অর্জনে কোনো বিধিনিষেধ মেনে নেওয়া হবে না। এছাড়া সামরিক সক্ষমতাকে তিনি আত্মরক্ষার অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, অন্য দেশের ওপর আধিপত্য বিস্তার বা অন্য দেশের নিরাপত্তার বিনিময়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো লক্ষ্য ইরানের নেই।
গাজা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, সেখানে ৮০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেন এবং বলেন, ফিলিস্তিনিদের ন্যায়বিচার নিশ্চিত না হলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি আরও বলেন, গাজা বেসামরিক মানুষের দুর্ভোগ ঠেকাতে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতীক।
আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে পেজেশকিয়ান বলেন, বাইরের শক্তির হস্তক্ষেপের চেয়ে বরং অঞ্চলটির দেশগুলোর পারস্পরিক সহযোগিতাই শান্তি নিশ্চিত করতে পারে। হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানের ওপর সামরিক চাপ ও অনিরাপত্তা তৈরির প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধের বিস্তার নিরাপত্তা আনবে না। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইরান সংলাপ ও কূটনীতির জন্য প্রস্তুত, তবে সামরিক চাপের মুখে কোনো আলোচনা মেনে নেওয়া হবে না। পরিশেষে, তিনি সমান অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

