ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন করে বড় ধরনের গোয়েন্দা ভুলের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
আরাকচি তার পোস্টে উল্লেখ করেন, অতীতে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভুল হিসাব করার মতো বড় ধরনের ভুল করেছে। তিনি সতর্ক করে বলেন, এবার হরমুজ প্রণালি নিয়েও ওয়াশিংটন একই ধরনের ভুল পথে এগোতে পারে। তিনি আরও যোগ করেন, ভুয়া খবরের চেয়েও গোয়েন্দা তথ্যের ভুল অনেক বেশি বিপজ্জনক। এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবী যেকোনো শক্তির চেয়েও মহান আল্লাহর ওপর ভরসা রাখেন তারা।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে এসেছে। বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা এটি ধরে রাখার পরিকল্পনা করছে।
এদিকে, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নেতিবাচক প্রভাব পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, নিরাপত্তাঝুঁকি ও সামরিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী জাহাজের সংখ্যা এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আটটিতে নেমে এসেছে।

