হরমুজ প্রণালি ও আঞ্চলিক সংকট: যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংকট নিরসনে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় নতুন করে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ওয়াশিংটনের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত সপ্তাহে নিউইয়র্ক সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, ওই সফরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তেহরানের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা। তিনি পুনর্ব্যক্ত করেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে চলমান সংকট নিরসন এবং গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় সচল করার জন্য ইরান একটি ন্যায্য ও যৌক্তিক পরিকল্পনা প্রস্তাব করেছে।

আরাগচি বলেন, "আমাদের লক্ষ্য ছিল আমেরিকান পক্ষ এবং অন্যান্য সকল দেশের কাছে এই শর্তগুলো পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা নিশ্চিত করা যে, এ বিষয়ে ইরানের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সর্বশেষ বৈঠকে কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মতপার্থক্য কমিয়ে তেহরানের প্রস্তাব বাস্তবায়নের পথ তৈরি করতে কয়েকটি নতুন ধারণা উপস্থাপন করেছেন। এসব প্রস্তাব এখন যুক্তরাষ্ট্রের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান আগেও হয়ে আসছিল। তবে ইরানের নতুন প্রস্তাব সামনে আসার পর এই যোগাযোগ আগের তুলনায় আরও গুরুত্ব পেয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগের এই প্রক্রিয়া এখন আরও ‘গুরুতর পর্যায়ে’ পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।