যুদ্ধ শুরুর পর দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনিকে একবারের জন্যও জনসমক্ষে দেখা যায়নি, এমনকি তাঁর কণ্ঠও শোনা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তাঁর বাবা তৎকালীন সর্বোচ্চ নেতা নিহত হন এবং মোজতবা গুরুতর আহত হন। ওই হামলায় তাঁর মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বিকৃত হয়ে যায় বলে জানা যায়। এরপর সর্বোচ্চ নেতার দায়িত্ব নিলেও তিনি সম্পূর্ণ অন্তরালেই রয়ে গেছেন, যা দেশটির শাসনব্যবস্থার কেন্দ্রে একধরনের শূন্যতা ও সংশয় তৈরি করেছে।
দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশিত হয়নি। জনগণের উদ্দেশে তাঁর পক্ষ থেকে কেবল কয়েকটি লিখিত বিবৃতি এসেছে, যা সংবাদ বুলেটিনে পাঠ করে শোনানো হয়েছে। এমনকি গত মাসে তাঁর বাবার জন্য আয়োজিত সপ্তাহব্যাপী শোক ও দাফন অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁর বাবার হত্যার ‘প্রতিশোধ’ অবশ্যই নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনো ভুলতে পারবে না।
ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের গবেষক অ্যালেক্স ভাতানকা এ প্রসঙ্গে বলেন, ‘প্রশ্নটি এখন আর মোজতবা বেঁচে আছেন কি না তা নিয়ে নয়। প্রশ্ন হলো, ইরানের একজন কার্যকর সর্বোচ্চ নেতা এখনো আছেন কি না, সেটিই।’ তিনি আরও সতর্ক করেন যে, এই দীর্ঘ অনুপস্থিতি একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী সব উপদলই এখন দাবি করতে পারে যে নেতার আসল ইচ্ছা কী, তা শুধু তারাই জানে।
তবে ইরানের সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ সূত্রগুলোর দাবি, খামেনি এখনো ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন এবং নিরাপত্তা ও হত্যাচেষ্টার আশঙ্কায় আড়াল থেকেই দেশ পরিচালনা করছেন। চেহারা বিকৃত হয়ে যাওয়ার কারণে তিনি জনসমক্ষে আসছেন না, তবে নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত ১০ আগস্ট জানান যে, তিনি খামেনির সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টা বৈঠক করেছেন। খামেনির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি সিদ্ধান্ত গ্রহণে পুরোপুরি সক্রিয় রয়েছেন। অপর এক কর্মকর্তা বলেন, সব চাপ সত্ত্বেও দেশের সেবা ও পররাষ্ট্রনীতি সুসংগত রয়েছে, যা প্রমাণ করে সর্বোচ্চ নেতা বহাল আছেন। তথ্য ফাঁসের আশঙ্কায় তাঁর বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে বলে জানা গেছে।
তা সত্ত্বেও ইরানের সাধারণ মানুষ ও ধর্মীয় শিক্ষার শহর কোমের বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যদের মধ্যে সংশয় বাড়ছে। নাম প্রকাশ না করার শর্তে এক বাসিজ সদস্য বলেন, দেশের স্বার্থেই নেতার কণ্ঠ শোনা বা তাঁর অস্তিত্বের কোনো চিহ্ন দেখা জরুরি, যা মানুষের মনোবল ও আত্মবিশ্বাস বাড়াবে। অন্যদিকে, তেহরানের সংস্কারপন্থী ব্যবসায়ী শাহরোখ (ছদ্মনাম) সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘তিনি যে বেঁচে আছেন, তার একটিও প্রমাণ নেই। এ অবস্থায় তিনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিচ্ছেন, তা বিশ্বাস করা যৌক্তিক নয়।’
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ ও তেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি এখন চরম সংকটে। স্থানীয় মুদ্রা রিয়ালের দরপতন ঘটেছে আশঙ্কাজনকভাবে। আবার ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার পর দেশের সবচেয়ে বড় সংকটের মুহূর্তও এটি। এমন পরিস্থিতিতে গত জানুয়ারি মাসে কর্তৃপক্ষের হাতে দমন হওয়া বিক্ষোভ আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যেখানে শত শত মানুষের প্রাণহানি ঘটেছিল। এই অস্থিতিশীলতার মধ্যেই ইরানের ক্ষমতার কাঠামোয় ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকেন্দ্রিক সব কৌশলগত সিদ্ধান্তে আইআরজিসির শীর্ষ কমান্ডাররা এখন অগ্রণী ভূমিকা রাখছেন, যেখানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মতো জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারাও রয়েছেন। মার্কিন গবেষক ভাতানকা মনে করেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানো বা সমঝোতায় পৌঁছানোর মতো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে মোজতবা খামেনির স্পষ্ট অনুমোদনের কোনো বিকল্প নেই।

