অননুমোদিত স্টারলিংক সেবা: নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ইরানে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেন। এই বৈঠকের সময় রাষ্ট্রদূতের হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন যে, ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক সেবা পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড’ এগিয়ে নিতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) কাঠামোয় স্টারলিংকের নিবন্ধনকারী দেশ হিসেবে নরওয়ে তার আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। পিরকুহির মতে, আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের এই ধরনের অনুমোদনহীন সম্প্রচার বন্ধ করার বাধ্যবাধকতা নরওয়ের রয়েছে।

পিরকুহি অভিযোগ করেন যে, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কার্যক্রম বন্ধে তেহরান এর আগে একাধিকবার নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছিল। তবে নরওয়ে কর্তৃপক্ষ বারবারই সেই অনুরোধ উপেক্ষা করেছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।