মার্কিন সম্ভাব্য হামলা নস্যাৎ করতে কৌশলগত অবস্থানে ইরান

মধ্যপ্রাচ্যে ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য ভবিষ্যৎ হামলা নস্যাৎ করার একটি আগাম কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তেহরান-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ'-এর গবেষক আলী আকবর দাইরিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মূল্যায়ন করেছেন।

দাইরিনি জানান, ইরানের যুদ্ধকৌশলীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ট্রাম্পের জন্য যুদ্ধের ব্যয় বৃদ্ধি করা প্রয়োজন। এর মূল লক্ষ্য হলো, যুদ্ধের অবসান ত্বরান্বিত করা। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক দাবিকৃত হামলার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, তেহরানের বিশ্বাস ওয়াশিংটন সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মজুত করছে।

ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের গতিপ্রকৃতি ও শর্ত নির্ধারণ করার সুযোগ দিতে রাজি নয় বলে মন্তব্য করেন দাইরিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছেমতো যখন খুশি যুদ্ধ শুরু করবে, সাময়িকভাবে থামাবে এবং আবার নতুন করে শুরু করবে—ইরান তা হতে দেবে না। মূলত, ইরান এখন ভবিষ্যতের সম্ভাব্য মার্কিন অভিযানগুলোর প্রস্তুতিমূলক ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করছে যাতে যেকোনো হামলা নস্যাৎ করা যায়।