মক্কায় হামলার সৌদি দাবি নিয়ে প্রশ্ন তুলল ইরান

মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার যে দাবি সৌদি আরব করেছে, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, কেবল একটি ড্রোন মক্কার দিকে যাচ্ছিল—এমন দাবির ওপর ভিত্তি করে হুথিদের দায়ী করা যুক্তিযুক্ত নয়। (প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম / 17 September 2026, 09:11 PM)

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে কথা বলেন। বিবৃতিতে বাঘাই বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো ধরনের হামলা বা আগ্রাসন অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে মক্কার মতো পবিত্রতম স্থানকে লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তবে সৌদি আরবের তোলা অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন প্রতিহত করার দাবিটি হুথিদের অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ হতে পারে না। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব দাবি করেছিল, হুথিরা মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন ছুড়েছিল, যা আকাশেই ধ্বংস করা হয়েছে। যদিও হুথি বিদ্রোহীরা এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

ইরানের এই মুখপাত্র আরও সতর্ক করে বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তাকে যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা না হয়। একই সঙ্গে বিষয়টিকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি বা মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেন ইসমাইল বাঘাই। তাঁর দাবি, এই সাজানো কর্মকাণ্ডগুলোর মূল উদ্দেশ্য হলো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া এবং মুসলিম উম্মাহর মধ্যে ফাটল ধরানো। তাই পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো দাবি তোলার আগে প্রকৃত তথ্য নিশ্চিত করা এবং এই ধরনের স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।