সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রোববার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংঘাতের বিস্তার নিয়ে আলোচনা করেন। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে, তবে মধ্যস্থতা নিয়ে রিয়াদের অবস্থান বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
নিজের টেলিগ্রাম পোস্টে আব্বাস আরাঘচি বলেন, রাজনৈতিক সমাধান উপেক্ষা করে সামরিক পন্থার ওপর জোর দিলে সংকট আরও ঘনীভূত হবে, কারণ এই অঞ্চলের সমস্যাগুলোর কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু করতে এবং রাজনৈতিক সমাধানে সহায়তা প্রদানে ইরান প্রস্তুত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, তেহরান আলোচনার মাধ্যমে এই শত্রুতা নিরসনে আগ্রহী। তিনি বলেন, আমরা দুটি মুসলিম দেশের মধ্যে সংঘাত চলতে দিতে চাই না, বিশেষ করে যখন পুরো অঞ্চলটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সৃষ্ট উত্তেজনার সম্মুখীন। বাঘাই আরও বলেন, ইয়েমেনের জনগণের চাপ ও অবরোধমুক্ত হয়ে মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রয়েছে এবং ইরান এই সংকট সমাধানে আলোচনার মাধ্যমে যেকোনো সাহায্য করতে প্রস্তুত।
সম্প্রতি সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণহানি ও আহতের পর রিয়াদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরব ও হুথিদের মধ্যে এই নতুন করে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে মধ্যস্থতার এই প্রস্তাব এলো।

