ইরানের সামরিক শক্তিতে কোণঠাসা যুক্তরাষ্ট্র: কৌশল বদলে বাধ্য ওয়াশিংটন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৭

ইরানের সামরিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতিরোধ ও পাল্টা হামলার মুখে মার্কিন সেনাবাহিনী তাদের সরঞ্জাম ও ঘাঁটি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে বাহিনীকে ছড়িয়ে দেওয়া, সামরিক সরঞ্জাম অপেক্ষাকৃত দুর্গম বা দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়া এবং গোপন ও ভূগর্ভস্থ অবস্থানের ওপর অধিকতর নির্ভরতা।

বিবৃতিতে বলা হয়, ইরানি জনগণের প্রতিরোধ, সাহসিকতা এবং ভৌগোলিক অবস্থানের বুদ্ধিদীপ্ত ব্যবহারের ফলে ওয়াশিংটনের প্রথাগত সামরিক মোতায়েন ব্যবস্থা ক্রমশ ব্যয়বহুল ও অকার্যকর হয়ে পড়েছে। আইআরজিসি আরও উল্লেখ করেছে যে, সেন্টকমের ঘাঁটিগুলো খালি ও নিষ্ক্রিয় করা, নিরাপত্তার প্রয়োজনে জর্ডানে সেনা স্থানান্তর, ক্ষয়ক্ষতির শিকার হওয়া, গোয়েন্দা সরঞ্জাম দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়া এবং ভূগর্ভস্থ অবস্থানের দিকে সরে আসার মতো পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত চাপের সৃষ্টি করেছে।

আইআরজিসির মতে, এই ঘটনাপ্রবাহ ইরানের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের প্রথাগত ও দৃশ্যমান সামরিক উপস্থিতি বজায় রাখার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জকেই স্পষ্ট করে তুলেছে।