আত্মরক্ষার প্রয়োজনে হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে: ইরান

আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার একটি পদক্ষেপ হিসেবেই হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ ও অর্থনৈতিক অবরোধের প্রেক্ষাপটে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান। তিনি বলেন, ইরান কূটনীতির জন্য সবসময় উন্মুক্ত, তবে যারা আলোচনায় আগ্রহী নয়, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘শত্রুতামূলক পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে বাঘাই বলেন, ইরান বর্তমানে যুদ্ধের মধ্যে রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কার কারণেই ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, আগামী সোমবার ওমানে ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ওমানের সঙ্গে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ পথ তৈরির বিষয়ে সাম্প্রতিক আলোচনার অগ্রগতিও পর্যালোচনা করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, হরমুজে অবরোধ এখনো কার্যকর রয়েছে। গত ১৪ জুলাই অবরোধ পুনরায় শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর আগে জুনের মাঝামাঝি সময়ে অবরোধের প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ১৯৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছিল এবং নয়টি জাহাজ চলাচলের অযোগ্য করে দিয়েছিল। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।