ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। উদ্ধারকারী দল ও আশপাশে থাকা জাহাজের সহায়তায় এখন পর্যন্ত শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

রবিবার সকালে 'মুতিয়ারা সেন্টোসা-২' নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর সময় ফেরিটিতে মোট ২৭১ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩২ জন যাত্রী এবং ৩৯ জন নাবিক ও ক্রু সদস্য।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, রবিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে সুমেনেপ অঞ্চলের জলসীমায় ফেরিটিতে আগুন লাগে। ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি অ্যাটোসিম লামপুং পেলায়ারান কর্তৃপক্ষকে দুর্ঘটনার বিষয়টি অবহিত করে। ফেরির ক্যাপ্টেন আগুন লাগার খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধারকারী দল জানতে পারে, ফেরিটি মাদুরা দ্বীপের উত্তরাঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল। তবে কাছাকাছি থাকা একটি মালবাহী জাহাজ দাহ্য পণ্য বহন করায় আগুনের কাছে ঘেঁষতে পারেনি। উদ্ধার সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ফেরির এক পাশ থেকে ঘন কালো ধোঁয়া পুরো জাহাজে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত যাত্রীদের লাইফ জ্যাকেট পরে ডেকে আশ্রয় নিতে এবং প্রাণ বাঁচাতে অনেকে সাগরে ঝাঁপ দিতেও দেখা গেছে।

সকাল ১০টার কিছু আগে একটি টাগবোট ও অন্য একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। রবিবার বিকেল পর্যন্ত ২২৫ জন যাত্রী ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।