যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় প্রাণ হারালেন অন্তত পাঁচজন

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইন্ডিয়ানায় আঘাত হানা ভয়াবহ ঝড় ও বন্যার কারণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্যোগের তীব্রতায় প্লাবিত এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের নৌকা ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে।

ইন্ডিয়ানাপোলিসের মধ্য দিয়ে প্রবাহিত হোয়াইট রিভারসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আশপাশের এলাকা তলিয়ে গেছে। শহরটির মেয়র জো হগসেট জানিয়েছেন, গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ওই এলাকার জন্য সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কিছু কিছু এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন শুক্রবার প্রেসিডেন্টের কাছে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানান, যাতে রাজ্যটি পর্যাপ্ত ফেডারেল সহায়তা পেতে পারে। শনিবার তিনি নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুরোধের অনুমোদন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গভর্নর ব্রাউন বলেন, ভয়াবহ ঝড় ও নজিরবিহীন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফেডারেল সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের বিষয়ে জানা গেছে, শুক্রবার ডেলাওয়্যার কাউন্টির শেরিফ কর্মকর্তারা ৫৮ বছর বয়সি এক নারীর লাশ উদ্ধার করেছেন, যিনি সম্ভবত বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় মারা গেছেন। এছাড়া জেনিংস কাউন্টিতে ঝড়ের কবলে পড়ে একটি গাছ ঘরের ওপর ভেঙে পড়লে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়। একই সঙ্গে, নদীতে ঝাঁপ দেওয়ার পর বুধবার থেকে নিখোঁজ থাকা এক কিশোরের লাশও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে।