যুক্তরাষ্ট্র থেকে জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা ভারতের

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্ব আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে ভারত। এবার মার্কিন ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ‘জ্যাভেলিন’ কেনার পরিকল্পনা করছে নয়াদিল্লি। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা একজন সেনাসদস্য বহন ও উৎক্ষেপণ করতে পারেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের নভেম্বরে ভারতের কাছে ‘এফজিএম–১৪৭ জ্যাভেলিন’ ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সার্জিও গর লিখেছেন, ‘এটা একটি বড় খবর! যুদ্ধক্ষেত্রে কার্যকর হিসেবে প্রমাণিত ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা জ্যাভেলিন কেনার পরিকল্পনা করছে ভারত। ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত শাংরি-লা সংলাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যেমনটা জোর দিয়েছিলেন, এই চুক্তি ঠিক তেমনই এক বড় অগ্রগতি। এ পদক্ষেপ দুই দেশের যৌথ উৎপাদনের পথও খুলে দেবে। বর্তমানে আমাদের দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক রেকর্ড উচ্চতায় রয়েছে।’

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও মেরিন কোর ও সেনাবাহিনীসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। সার্জিও গর আরও বলেন, ‘এই চুক্তির ফলে দুই দেশের প্রতিরক্ষা খাত একসঙ্গে কাজ করার নতুন সুযোগ পাবে। আমরা ভবিষ্যতে এমন সহযোগিতার ক্ষেত্রে বিশাল সম্ভাবনা দেখছি, যা দুই দেশেরই প্রতিরক্ষাশিল্পকে আরও শক্তিশালী করবে।’

জ্যাভেলিন মূলত একটি কাঁধে বহনযোগ্য ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা। এটি যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও আরটিএক্স যৌথভাবে তৈরি করেছে। কাঁধ থেকে ছোড়ার উপযোগী এই অস্ত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে, যার ফলে এটি ছোড়ার পর নিজেই লক্ষ্যবস্তুকে তাড়া করতে পারে। এতে নিক্ষেপকারী ব্যক্তি নিরাপদ দূরত্বে থেকে শত্রুর পাল্টা আক্রমণ এড়াতে পারেন। ক্ষেপণাস্ত্রটি মূলত ট্যাংকের ওপরের অংশ বা ‘ক্যানোপিতে’ আঘাত হানে, যা ট্যাংকের সবচেয়ে কম সুরক্ষিত অংশ। হালকা ওজনের কারণে এটি ব্যবহারের পর সেনারা দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারেন। বিশেষ নকশার কারণে বহুতল ভবন বা বাংকারের মতো আবদ্ধ জায়গা থেকেও এটি নিরাপদে ছোড়া যায়।

ভারতের ঠিক কতটি জ্যাভেলিন কেনা হচ্ছে এবং এর মোট খরচ কত হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতের কাছে প্রায় ৯ কোটি ৩০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল, যার আওতায় সর্বোচ্চ ১০০টি জ্যাভেলিন ব্যবস্থা ছিল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ এবং ইউক্রেনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক।