পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে। হাসপাতালের এক কর্মকর্তা জানান, তার রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষায় এটি নিশ্চিত হওয়া গেছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আগের চেয়ে আরও কমে গেছে।
ইমরান খানের আইনি দলের দাবি, দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখে দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অধিকাংশ অভিযোগ হয় বাতিল নয়তো স্থগিত করা হয়েছে, যদিও বাকি বিষয়গুলোর আপিল এখনো বিচারাধীন। ইমরান খান নিজেকে নির্দোষ দাবি করে এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন, তবে পাকিস্তান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
গত আগস্টের পর এই প্রথম ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটল। এর আগে আগস্টে তাকে হাসপাতালে নেওয়া হলেও মাঝপথেই সেই চিকিৎসা পরিদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তার আইনজীবী দল ও স্ত্রীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া মঙ্গলবার ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

