প্রায় ছয় মাস ধরে বাবার কণ্ঠস্বর শুনতে পাননি সুলাইমান ও কাসিম খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে তাঁদের সর্বশেষ কথা হয়েছিল গত মার্চে ঈদুল ফিতরের সময়। লন্ডনে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী কাসিম জানান, সেই ফোনালাপ স্থায়ী হয়েছিল মাত্র ২০ মিনিট। তিনি বলেন, সাধারণত কথা বলার জন্য ২০ মিনিটের মতো সময় পাওয়া যায়, যেখানে বাবা ব্যাকুল হয়ে তাঁদের খোঁজখবর নেন এবং উপদেশ দেন। কিন্তু যখনই তাঁরা বাবার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান, তিনি দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলেন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তিন বছর ধরে বন্দী আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে ঘুষ, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও অবৈধ উপহার বিক্রিসহ শতাধিক মামলা দায়ের করা হয়েছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পরিবারের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি ইমরান খানের দুই বোন উজমা ও নওরিন তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁরা জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে এটিই ছিল প্রথম সাক্ষাৎ। ‘নির্জন কারাবাসের মাধ্যমে তাঁকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে,’ বলেন ২৯ বছর বয়সী সুলাইমান। ‘কারাকক্ষে তাঁর হৃৎস্পন্দন অনেক বেড়ে যায়।’
কাসিমের ভাষ্যমতে, কারাগারে ইমরান খানের হৃৎস্পন্দন বেড়ে যায় এবং তীব্র উদ্বেগের কারণে বুক ধড়ফড় করে। অথচ তিনি অত্যন্ত শান্ত ও মানসিকভাবে দৃঢ় একজন মানুষ। তিনি আরও বলেন, ‘টানা ১০ মাস তাঁকে কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।’ গত ফেব্রুয়ারিতে আইনজীবীরা জানিয়েছিলেন, ইমরান তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ হারিয়েছেন। বোনদের সঙ্গে সাক্ষাতের সময়ও তাঁর চোখে পট্টি লাগানো ছিল। পরিবারের অভিযোগ, সরকার ইমরান খানকে উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত করছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনে ব্যর্থ হয়েছে।
গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, সপ্তাহে পরিবারের সঙ্গে দেখা করা এবং সপ্তাহে দুবার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দেয়। এর আগে হৃদ্রোগবিশেষজ্ঞদের একটি বোর্ড জানায় যে রক্তচাপের ওঠানামা ও উদ্বেগের কারণে তিনি অসুস্থ বোধ করছেন। এতে আরও বলা হয়, কারাবাস শুরুর পর থেকে ইমরান খানের ৩০ বার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে নির্দেশ অনুযায়ী তাঁকে বেসরকারি হাসপাতালে না নিয়ে সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সংক্ষিপ্ত পরীক্ষার পর ২০ আগস্ট আবারও কারাগারে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় পিটিআই আদালত অবমাননার পিটিশন দায়ের করেছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে এবং তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর স্বাস্থ্যের গুরুতর বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো কোনো অবনতি নথিতে পাওয়া যায়নি। ইমরান খানের মুক্তির দাবি করেছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওয়াশিংটন ও লন্ডনের রাজনীতিবিদেরা এবং ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। কাসিম বলেন, ‘আমরা আশা করছি, যুক্তরাজ্য এ ক্ষেত্রে একটি পরিবর্তন আনতে পারবে। তাঁকে বই দেওয়া হচ্ছে না, সন্তানদের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না, ২৩ ঘণ্টা একটি নির্জন কক্ষে আটকে রাখা হচ্ছে।’ কাসিম বলেন, ‘যদি তারা অন্যায় আচরণের কোনো অভিযোগ অস্বীকার করে, তাহলে তা প্রমাণ করুক।’

